ফুটবল

ঢাকায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে উন্মাদনা: কনসার্ট আর বড় পর্দায় খেলার মহা আয়োজন

ঢাকা, ১৯ জুলাই – ফুটবল বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। কোটি মানুষের আবেগ আর উন্মাদনার এই বিশেষ রাতকে স্মরণীয় করে রাখতে শহরজুড়ে চলছে বর্ণাঢ্য আয়োজন। বড় পর্দায় সরাসরি খেলা দেখার পাশাপাশি জনপ্রিয় তারকাদের সংগীত পরিবেশনায় মুখরিত হবে ঢাকার বিভিন্ন প্রান্ত।

বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে রিশকা কানেক্টস ও টিকিফাই এক্সপেরিয়েন্স যৌথভাবে আয়োজন করেছে ‘ফাইনাল কিকঅফ’ নামের একটি বিশেষ অনুষ্ঠান। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের প্রবেশদ্বার সন্ধ্যা থেকেই দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ফুটবল যুদ্ধ শুরুর আগে দর্শকদের বিনোদনে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান, ফিরোজ জং, ডিজে রিয়ন, ডিজে সাদমান এবং মিঠুন দাস। সংগীতের পাশাপাশি থাকছে নৃত্য পরিবেশনা। এরপর বিশাল পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

এই আয়োজনে অংশগ্রহণের জন্য জনপ্রতি ৭০০ টাকা প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ব্ল্যাক এক্স ফোর্সের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্য ফাইনাল হুইসেল’ শিরোনামের আরেকটি অনুষ্ঠান। এখানে ফুটবল উত্তেজনার সঙ্গে দর্শকরা উপভোগ করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলার গান। খেলা শেষ হওয়ার পরও উৎসব থামবে না। গভীর রাত পর্যন্ত গান পরিবেশন করবে ব্যান্ড দ্য ব্রাউন বিটস এবং জেসিয়া ইসলামসহ একাধিক শিল্পী।

দর্শকদের জন্য এই আয়োজনে আরও থাকছে ফটোবুথ ও বিভিন্ন বিনোদনমূলক গেমস। মিরপুর ১ এলাকার এমআইএসটি টাওয়ার সংলগ্ন মাঠেও নেওয়া হয়েছে বিশাল প্রস্তুতি। রাত সাড়ে ৮টা থেকে শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন এভয়েড রাফা, ডিজে সারান ও ডিজে ওয়াহিদ।

বর্ণিল আলোকসজ্জা, আতশবাজি এবং ফেস পেইন্টিংয়ের মাধ্যমে সেখানে তৈরি করা হবে উৎসবের পরিবেশ। রাত ১টায় বিশাল পর্দায় সরাসরি খেলা উপভোগ করবেন উপস্থিত দর্শকরা। বনানীতে চলমান ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী দিনে থাকছে বিশেষ চমক। সেখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে সঞ্জয় দেব সংগীত পরিবেশন করবেন।

তিনি বিশ্বকাপের কানাডা অংশের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে প্রশংসা কুড়িয়েছিলেন। তার পারফরম্যান্সের পর ফুটবলপ্রেমীরা বড় পর্দায় সরাসরি খেলা দেখার সুযোগ পাবেন।

সংগঠিত আয়োজনের বাইরেও রাজধানীর টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, মিরপুর সিটি ক্লাব মাঠ এবং বনানীর কামাল আতাতুর্ক পার্কসহ বিভিন্ন উন্মুক্ত স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও প্যান প্যাসিফিক সোনারগাঁও, লে মেরিডিয়েন এবং হোটেল আমারির মতো পাঁচতারকা হোটেলগুলোতেও থাকছে বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা।

এস এম/ ১৯ জুলাই ২০২৬


Back to top button