রাঙ্গামাটি

কাপ্তাই হ্রদে ট্রলারসহ নিখোঁজ বিএনপি নেতা মো. মাসুদ

রাঙামাটি, ১৯ জুলাই – রাঙামাটির কাপ্তাই উপজেলায় হ্রদে নৌকা নিয়ে ফেরার সময় নিখোঁজ হয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। নিখোঁজ মো. মাসুদ কাপ্তাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন মৌসুমি ফল ব্যবসায়ী ছিলেন।

শনিবার বিলাইছড়ি থেকে ব্যবসায়িক কাজ শেষ করে কাপ্তাই ফেরার পথে হ্রদের গর্জনটিলা এলাকায় এই নিখোঁজের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিলাইছড়ির ফারুয়া বাজার থেকে নৌপথে বাড়ি ফেরার সময় তিনি নিখোঁজ হন।

পরে রাইংখিয়ং বাজার সংলগ্ন এলাকায় মালামালসহ তার ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকাটি পরিত্যক্ত ও ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউছুপ জানান, ঘটনাটি জানার পরপরই নৌবাহিনীকে অবহিত করা হয়েছে।

খবর পেয়ে নৌবাহিনীর একটি দক্ষ ডুবুরি দল সন্ধ্যা থেকে কাপ্তাই হ্রদে তল্লাশি অভিযান শুরু করে। তবে রাত ১১টা পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ও নৌবাহিনীর ডুবুরি দল যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়েছে।

তবে এখন পর্যন্ত নিখোঁজ মাসুদের কোনো হদিস পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

এস এম/ ১৯ জুলাই ২০২৬

Back to top button