বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র ২০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা

বান্দরবান, ১৬ জুলাই – বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আগামী ২০ জুলাই পর্যন্ত সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। অতিভারী বৃষ্টিপাত ও পাহাড় ধসে পর্যটন কেন্দ্রটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
তবে জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো যথারীতি পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে। বুধবার রাতে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা ভারী বর্ষণে ছড়া ও ঝিরির পানির স্রোত বৃদ্ধি এবং পাহাড় ধসের ফলে দেবতাখুমের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই পরিস্থিতিতে অবকাঠামো মেরামত এবং পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত পর্যটন কেন্দ্রটিতে প্রবেশ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পর্যটকদের জন্য এটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
এস এম/ ১৬ জুলাই ২০২৬









