ফুটবল

হালান্ডকে পাস না দেওয়ায় ফুটবলার আলেকজান্ডার সরলথকে হত্যার হুমকি

লন্ডন, ১৩ জুলাই – ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নরওয়ের হয়ে একটি ভুল সিদ্ধান্তই যেন কাল হয়ে দাঁড়াল স্ট্রাইকার আলেকজান্ডার সরলথের জন্য। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সতীর্থ আরলিং হালান্ডকে পাস না দিয়ে নিজে শট নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নরওয়ে। ম্যাচের এক পর্যায়ে প্রতিপক্ষের অর্ধ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে নরওয়ে। সামনে কেবল ছিলেন সরলথ, হালান্ড এবং ইংল্যান্ডের ডিফেন্ডার জন স্টোনস। সেই সময় হালান্ডকে বল বাড়িয়ে দেওয়ার সহজ সুযোগ থাকলেও সরলথ নিজেই শট নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে জন স্টোনস সেই শটটি সফলভাবে আটকে দেন। ওই মুহূর্তে গোল হলে নরওয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পেত। এর কিছুক্ষণ পরই সমতায় ফেরে ইংল্যান্ড এবং অতিরিক্ত সময়ে জুড বেলিংহ্যামের গোলে জয় নিশ্চিত করে তারা।

ম্যাচ শেষে নিজের ভুলের জন্য হতাশা প্রকাশ করেন সরলথ। তবে এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে তীব্র বিদ্বেষমূলক মন্তব্য ও প্রাণনাশের হুমকি দেওয়া শুরু হয়।

সরলথের সঙ্গী লেনা সেলনাস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান যে বড় কোনো টুর্নামেন্ট যেমন আনন্দ নিয়ে আসে তেমনি কখনো কখনো এটি চরম ঘৃণারও কারণ হয়ে দাঁড়ায়। তাকে লক্ষ্য করে আত্মহত্যার উসকানি কিংবা মৃত্যুর বার্তার মতো জঘন্য মন্তব্য করা হয়েছে।

নরওয়ের কোচ স্তোলে সোলবাক্কেন এই ঘটনায় নিন্দা জানিয়ে খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন যে গুরুত্বপূর্ণ ম্যাচের পর এমন পরিস্থিতি একজন খেলোয়াড়ের মানসিক অবস্থার ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্বকাপের মতো বড় আসরে একটি সুযোগ হাতছাড়া হওয়া যে কতটা ভয়াবহ হতে পারে সরলথের এই ঘটনা তারই এক করুণ উদাহরণ।

এনএন/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language