দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুই ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ি, ১২ জুলাই – বৈরী আবহাওয়ার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। রবিবার সকালে আবহাওয়া অনুকূলে এলে সকাল ৭টার দিকে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে।
এর আগে নদীতে তীব্র স্রোত ও ঝড়ো বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পদ্মা নদীতে পানি বাড়ার ফলে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ভোর থেকে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে বেশ কিছু যানবাহন ও যাত্রী পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যানবাহনগুলো পারাপার শুরু হয়েছে।
দৌলতদিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন জানান, বৈরী আবহাওয়ার জন্য সাময়িক সমস্যা হলেও বর্তমানে ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার সচল রয়েছে।
এস এম/ ১২ জুলাই ২০২৬









