ফুটবল

মেসিই নেবেন পেনাল্টি, স্কালোনির অগাধ আস্থা মহাতারকার ওপর

বুয়েনোস আইরেস, ১১ জুলাই – চলমান বিশ্বকাপে লিওনেল মেসির পেনাল্টি মিস করা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলেও তার ওপরই পূর্ণ আস্থা রাখছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। টুর্নামেন্টে অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে দুটি পেনাল্টি শট নিলেও গোল করতে ব্যর্থ হন এই আর্জেন্টাইন মহাতারকা।

পরিসংখ্যান অনুযায়ী, ক্যারিয়ারে ১১৪টি পেনাল্টির মধ্যে মেসির সাফল্যের হার ৭৭ শতাংশ হলেও বিশ্বকাপে ৮টি পেনাল্টির মধ্যে ৪টিতে গোল পাওয়ায় তার সাফল্যের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। এমন পরিস্থিতিতে আগামী ম্যাচগুলোতে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়ে দলের ভেতরে বিস্তারিত আলোচনা হয়েছে।

সুইজারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচ স্কালোনি জানিয়েছেন, পেনাল্টি নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তটি মেসির ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। স্কালোনি সংবাদমাধ্যমকে বলেন, পেনাল্টি নেওয়ার বিষয়টি সম্পূর্ণ লিওর সিদ্ধান্ত। যদি সে নিতে চায়, তবে সে-ই নেবে। অন্যথায় আমরা বিকল্প ব্যবস্থা দেখব।

স্কালোনি আরও যোগ করেন, একটি বা দুটি পেনাল্টি মিস করলেই কোনো কিছু বদলে যায় না। মেসি প্রতি ম্যাচেই দলের জন্য অসাধারণ অবদান রাখছে। ৩৯ বছর বয়সেও মেসি এই টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছেন এবং এখন পর্যন্ত ৮টি গোল করে শীর্ষ গোলদাতার লড়াইয়ে রয়েছেন।

স্কালোনির মতে, মেসি একজন যন্ত্রের মতো এবং বয়স তার খেলায় কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি মিস করার পরও গোল এবং অ্যাসিস্টের মাধ্যমে দলকে ৩-২ ব্যবধানে জয় এনে দিয়েছিলেন এই ফরোয়ার্ড।

এখন সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের পথ প্রশস্ত করাই আর্জেন্টিনার মূল লক্ষ্য আর সেই লক্ষ্য পূরণে দলের প্রধান ভরসা হিসেবে থাকছেন মেসিই।

এনএন/ ১১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language