জাতীয়

পণ্য বাণিজ্যে বড় ঘাটতি: ১১ মাসে ২৩ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক লেনদেনের ব্যবধান

ঢাকা, ১০ জুলাই – দেশের বৈদেশিক পণ্য বাণিজ্যে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। আমদানির ব্যয় আশঙ্কাজনকভাবে বাড়লেও সেই তুলনায় রপ্তানি আয় না বাড়ায় গত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত সময়ে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই ঘাটতি প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ঘাটতির পরিমাণ ছিল ১৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

সোমবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, আলোচিত সময়ে দেশ ৬ হাজার ৪০২ কোটি ৩০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে, যা গত বছরের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ বেশি। অন্যদিকে রপ্তানি আয় ২ শতাংশ হ্রাস পেয়ে ৪০ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

মূলত জ্বালানি ও কাঁচামালের আন্তর্জাতিক মূল্য বৃদ্ধি এবং আমদানির উচ্চ গতির কারণে এই ব্যবধান তৈরি হয়েছে। তবে চলতি হিসাবের ঘাটতি কিছুটা কমে ৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ১৯ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

গত ১১ মাসে প্রবাসীরা ৩ হাজার ২৭৭ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। তবে নেতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই এবং শেয়ারবাজারের বিনিয়োগে। এফডিআই ১৫৫ কোটি ডলার থেকে কমে ১৩১ কোটি ডলারে নেমেছে। শেয়ারবাজার থেকেও বিনিয়োগকারীরা ১৭ কোটি ৫০ লাখ ডলার প্রত্যাহার করে নিয়েছেন।

এনএন/ ১০ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language