মধ্যপ্রাচ্য যুদ্ধে ১২ প্রবাসী বাংলাদেশির মৃত্যু: জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ মন্ত্রী

ঢাকা, ৯ জুলাই – মধ্যপ্রাচ্য যুদ্ধকে কেন্দ্র করে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তিনি এই তথ্য তুলে ধরেন। মন্ত্রী জানান, নিহতদের মধ্যে লেবাননে ৫ জন, সৌদি আরবে ৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ২ জন এবং ইরাক ও বাহরাইনে ১ জন করে বাংলাদেশি রয়েছেন।
অধিবেশনে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ জন শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন সময়ে প্রবাসী কর্মীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়।
তিনি আরও জানান, যুদ্ধে নিহতদের মধ্যে ইতিমধ্যে ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে এবং একজনের মরদেহ সংশ্লিষ্ট দেশে দাফন করা হয়েছে। নিহতদের পরিবারকে বিমানবন্দর থেকে মরদেহ দাফন বাবদ ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
প্রবাসী কর্মীদের সেবা বৃদ্ধিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিমানবন্দর থেকে অসুস্থ ও মৃত কর্মী পরিবহনের জন্য ঢাকা ও সিলেট বিমানবন্দরে দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স এবং চট্টগ্রামে একটি অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সুবিধার্থে ২০০টি ট্রলি ক্রয়ের প্রক্রিয়া চলছে। অসুস্থ কর্মীদের চলাচলের সুবিধার্থে ১০টি হুইলচেয়ার সরবরাহ করা হয়েছে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ স্থাপন, খাবারে ৩০ শতাংশ ছাড় এবং প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল কর্নার স্থাপনের কাজও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
এনএন/ ৯ জুলাই ২০২৬









