রাশিয়ার বড় তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা, তথ্য নিশ্চিত করলেন জেলেনস্কি

মস্কো, ৪ জুলাই – রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর সেন্ট পিটার্সবার্গের একটি প্রধান তেল টার্মিনালে রাতভর বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন যে এই তেল টার্মিনালটি রাশিয়ার যুদ্ধ তহবিলের অন্যতম প্রধান রাজস্ব উৎস।
তেল টার্মিনালের পাশাপাশি ওই অঞ্চলের একটি রুশ নৌঘাঁটিতেও আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।
সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকসান্দ্র বেগলোভ শহরটিতে ব্যাপক ড্রোন হামলার কথা স্বীকার করেছেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্প্রতি রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা বৃদ্ধি করেছে ইউক্রেন। কিয়েভের দাবি অনুসারে ইউক্রেনীয় বাহিনীর ধারাবাহিক অভিযানে রাশিয়ার তেল শোধনাগারগুলোর প্রায় ৪৩ শতাংশ সক্ষমতা ইতোমধ্যে অচল হয়ে পড়েছে। তবে এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইউক্রেন মনে করে যে রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু কারণ মস্কো যুদ্ধ পরিচালনার জন্য খনিজ জ্বালানি রপ্তানির ওপর নির্ভরশীল। জ্বালানি সংকটের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বিল স্বাক্ষরের পর এই হামলার ঘটনা প্রকাশ্যে এলো।
ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই টার্মিনালটি বার্ষিক ১ কোটি ২৫ লাখ টন পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের সক্ষমতা রাখে।
এনএন/ ৪ জুলাই ২০২৬









