২৪ বছরের আক্ষেপ মেটানোর মিশন: নরওয়ের বিপক্ষে ইউরোপীয় জুজু কাটাতে চায় ব্রাজিল

নিউ জার্সি, ৪ জুলাই – ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে দীর্ঘ ২৪ বছরের জয়হীন যাত্রা অবসানের লক্ষ্যে মাঠে নামছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সেলেসাওদের প্রতিপক্ষ নরওয়ে।
২০০২ সালে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর থেকে বিশ্বমঞ্চের নকআউট পর্বে আর কোনো ইউরোপীয় শক্তিকে হারাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে ব্রাজিল যখনই বিদায় নিয়েছে, প্রতিবারই তাদের হারের তিক্ত স্বাদ দিয়েছে ইউরোপের কোনো দল। ২০০৬ সালে ফ্রান্স, ২০১০ সালে নেদারল্যান্ডস, ২০১৪ সালে জার্মানি এবং পরবর্তী দুই আসরে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় লাতিন পরাশক্তিদের। এছাড়া ইতিহাসের পাতায় নরওয়েই একমাত্র দল যাদের বিপক্ষে এখন পর্যন্ত কোনো জয়ের রেকর্ড নেই ব্রাজিলের।
এই দীর্ঘ প্রতীক্ষা ও রেকর্ড পরিবর্তনের গুরুদায়িত্ব এখন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির কাঁধে। ক্লাব ফুটবলে নকআউট পর্বে সাফল্যের জন্য খ্যাতিমান এই কোচ জাতীয় দলের হয়েও সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটাতে চান।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, শুরু থেকে দল ধারাবাহিকভাবে উন্নতি করেছে এবং বর্তমানে অনেক বেশি সংগঠিত। নকআউট ম্যাচে রক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ই হলো দৃঢ়তা। যদিও সাম্প্রতিক ইতিহাস ব্রাজিলের বিপক্ষে, তবে সামগ্রিক রেকর্ডে ইউরোপীয় দলগুলোর চেয়ে তারাই এগিয়ে।
নকআউট পর্বে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে ১৭টি জয়ের বিপরীতে সেলেসাওরা হেরেছে ৯টিতে।
আগামী রবিবার নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২ টায় মুখোমুখি হবে এই দুই দল। এই ম্যাচটি ব্রাজিলের জন্য একদিকে যেমন সেরা আটে ওঠার চ্যালেঞ্জ, অন্যদিকে দীর্ঘদিনের ইউরোপীয় জুজু কাটানোর সুবর্ণ সুযোগ।
এনএন/ ৪ জুলাই ২০২৬









