শিবগঞ্জ সীমান্তে বিএসএফের বাতি নেভানোয় পুশ ইন আতঙ্ক, পাহারায় গ্রামবাসী

চাঁপাইনবাবগঞ্জ, ৪ জুলাই – চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ হঠাৎ লাইট বন্ধ করে দেয়ায় পুশ ইন আতঙ্কে সীমান্তে অবস্থান নিয়েছেন স্থানীয়রা। শুক্রবার রাত পৌনে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কয়েক হাজার মানুষ সীমান্ত এলাকায় পাহারায় নিয়োজিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,
রাতে সীমান্তের ওপারে বিএসএফ আকস্মিকভাবে সব আলো নিভিয়ে ফেলে। সাধারণত সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ পারাপারের সময় বিএসএফ এমন পদক্ষেপ গ্রহণ করে থাকে বলে স্থানীয়দের মনে আশঙ্কার সৃষ্টি হয়।
লাইট বন্ধের খবরে দ্রুতই গ্রামবাসীরা জড়ো হয়ে সীমান্ত অভিমুখে অবস্থান নেন। পরে গ্রামবাসীদের পক্ষ থেকে উচ্চস্বরে প্রতিবাদ জানানো হলে বিএসএফ পুনরায় লাইট জ্বালিয়ে দেয়।
বর্ডার গার্ড বাংলাদেশের বা বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, কোনো ধরনের পুশ ইন বা অনুপ্রবেশের সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই।
তবে বিএসএফ আলো বন্ধ করায় গ্রামবাসী আতঙ্কিত হয়ে সীমান্তে জড়ো হয়েছিলেন। বর্তমানে চকপাড়া সীমান্তে বিজিবি সদস্যরা কঠোর নজরদারিতে রয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এস এম/ ৪ জুলাই ২০২৬









