নাটোরে অফিস সহকারীর প্রতারণা: শেষ মুহূর্তে পরীক্ষায় বসলেন ৮ শিক্ষার্থী

নাটোর, ৪ জুলাই – নাটোরের লালপুরে আব্দুলপুর সরকারি কলেজের আট শিক্ষার্থী এক অফিস সহকারীর প্রতারণার শিকার হয়েও অবশেষে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছেন। এই জালিয়াতির ঘটনায় অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে বাগাতিপাড়া সরকারি কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ওই আট শিক্ষার্থী অংশ নেন। আব্দুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন ইসরাত জাহান সূচি, সবুজ আহমেদ, শিমুল শেখ, আকিবুল, তানভীর হোসেন, শাওন, সাব্বির এবং শিমুল।
জানা গেছে, এইচএসসির ফরম পূরণের সময় সার্ভারে জটিলতা দেখা দিলে বিলম্ব ফিসহ ফরম পূরণের কথা বলে অফিস সহকারী অমিত কুমার সরকার প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা করে নেন। ফরম পূরণের আশ্বাস দিলেও তিনি শেষ পর্যন্ত তা সম্পন্ন করেননি।
পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের প্রবেশপত্র না পেয়ে অফিস সহকারীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পান। কলেজে গিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের হস্তক্ষেপে শিক্ষার্থীদের প্রবেশপত্রের ব্যবস্থা করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী ইসরাত জাহান সূচি জানান, পরীক্ষা দিতে পারবেন সেটি তারা কল্পনাও করতে পারেননি। এখন সুন্দরভাবে পরীক্ষা দিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।
অধ্যক্ষ মাহমুদুল রহমান জানান, সরকারি বিশেষ হস্তক্ষেপে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
এস এম/ ৪ জুলাই ২০২৬









