ফুটবল

বিশ্বকাপে রোনালদোর নতুন রেকর্ড: নকআউট পর্বে সবচেয়ে বয়সী ফুটবলার

লিসবন, ৩ জুলাই – বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে মাঠে নেমেই নতুন এক ইতিহাস গড়লেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার কানাডার টরন্টো স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের শুরুর একাদশে সুযোগ পেয়ে এই কীর্তি গড়েন তিনি।

রোনালদো এখন বিশ্বকাপের নকআউট পর্বে শুরুর একাদশে থাকা সবচেয়ে বেশি বয়সী মাঠের খেলোয়াড়। বর্তমানে তার বয়স ৪১ বছর ৪ মাস ২৭ দিন। এর মাধ্যমে তিনি বসনিয়া ও হার্জেগোভিনার তারকা এডিন জেকোর রেকর্ড ভেঙে দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কাছে হেরে জেকোর দল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর রোনালদো এই অনন্য উচ্চতায় পৌঁছান। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কিংবদন্তি এখন পর্যন্ত ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন।

আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি পর্তুগালকে একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং দুটি নেশনস লিগ শিরোপা জিতিয়েছেন। বিশ্বকাপের নকআউট ম্যাচে শুরুর একাদশে খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়দের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ।

তার বয়স বর্তমানে ৪০ বছর ২৯৬ দিন। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন এডিন জেকো এবং চতুর্থ স্থানে আছেন পর্তুগালেরই ডিফেন্ডার পেপে। ২০২২ বিশ্বকাপে ৩৯ বছর ২৮৩ দিন বয়সে ম্যাচ খেলেছিলেন পেপে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ক্রোয়েশিয়াকে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল দল।

এস এম/ ৩ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language