এশিয়া

বেইজিংয়ের সুউচ্চ ভবনে উড়োজাহাজ হামলার নেপথ্যে পাইলটের মানসিক বিষণ্ণতা

বেইজিং, ২ জুলাই – চীনের রাজধানী বেইজিংয়ের উচ্চতম ভবন সিআইটিআইসি টাওয়ারে একটি ছোট উড়োজাহাজ আছড়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে কর্তৃপক্ষ। তদন্তে জানা গেছে, উড়োজাহাজটি বিধ্বস্ত করে প্রাণ হারানো ৬৬ বছর বয়সী পাইলট লিউ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

এমনকি নিজের ব্যক্তিগত ডায়েরিতে তিনি আত্মহত্যার ইচ্ছার কথা লিখেছিলেন। গত শুক্রবার বিকাল পৌনে ৬টার দিকে বেইজিংয়ের কেন্দ্রস্থলে অবস্থিত ৫২৮ মিটার উঁচু সিআইটিআইসি টাওয়ারে এই দুর্ঘটনা ঘটে। এতে ভবনটির ওপরের অংশের কাচ ভেঙে যায় এবং নিচের দিকে আগুন ধরে যায়।

এই ঘটনায় ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উল্লেখ্য যে, চীনের শীর্ষ নেতাদের সরকারি বাসভবন থেকে দুর্ঘটনাস্থলটি মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত। অত্যন্ত সুরক্ষিত এই এলাকায় এ ধরনের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, পাইলট লিউ বিবাহবিচ্ছেদের পর বেইজিংয়ে একা থাকতেন। তিনি দীর্ঘকাল অনিদ্রা ও হতাশায় ভোগার পাশাপাশি নিজের জীবন শেষ করার পরিকল্পনা করছিলেন। পেশায় ফ্রিল্যান্সার ওই পাইলটের কাছে বৈধ লাইসেন্স ছিল।

ঘটনার দিন দুই আসনের একটি ছোট বিমান নিয়ে তিনি নির্ধারিত রুট পরিবর্তন করে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট থেকে এই ঘটনার ছবি এবং ভিডিও দ্রুত সরিয়ে ফেলা হয়।

এস এম/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language