জাতীয়

এক অর্থবছরে ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে রেমিট্যান্সে নতুন রেকর্ড বাংলাদেশের

ঢাকা, ১ জুলাই – বাংলাদেশি প্রবাসীরা সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। এক অর্থবছরে প্রবাস আয়ের ক্ষেত্রে এটি একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এটি দেশের ইতিহাসে একক কোনো অর্থবছরে এখন পর্যন্ত সর্বোচ্চ আয়ের রেকর্ড।

বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে জানানো হয়েছে যে, আগের অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে প্রবাস আয় বা রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে মোট ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

এর আগের ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৫ হাজার ২৩৩ মিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তি অনুসারে, শুধু জুন মাসে দেশে এসেছে ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার। এর মধ্যে ৩০ জুন এক দিনেই এসেছে ১২০ মিলিয়ন ডলার। ব্যাংকিং চ্যানেলে আয় পাঠানোর প্রক্রিয়া সহজ করা এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন নীতিগত সুবিধা দেওয়ার ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের প্রতি আগ্রহী হচ্ছেন।

অর্থনীতিবিদরা মনে করছেন, ডলারের ক্রলিং পেগসহ ইতিবাচক পদক্ষেপের কারণে হুন্ডির পরিবর্তে বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এনএন/ ১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language