সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ কারাগারে

ঢাকা, ১ জুলাই – রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামালপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরের দিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মামলার অভিযোগ থেকে জানা যায় যে গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি অবৈধ মিছিল বের করেন। মিছিলে ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে ওইদিনই থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়।
এস এম/ ১ জুলাই ২০২৬









