গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের ফি মওকুফ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

ঢাকা, ১ জুলাই – ২০২৪ সালের জুলাই এবং আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সুবিধার আওতায় থাকা শিক্ষার্থীদের শুধুমাত্র তাদের সনদ এবং ট্রান্সক্রিপ্ট সংগ্রহের ফি পরিশোধ করতে হবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত অন্যান্য যাবতীয় ফি মওকুফের সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আহতদের তালিকা বিশ্লেষণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২৬৯ জন শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে।
এসব শিক্ষার্থীর সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি ব্যতীত অন্যান্য সকল ফি মওকুফ করার জন্য অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এস এম/ ১ জুলাই ২০২৬









