ফুটবল

বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার ব্যর্থতা: তদন্তের নির্দেশ দিলেন প্রেসিডেন্ট

ওয়াশিংটন, ২৯ জুন – উত্তর আমেরিকা বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। দলের এই হতাশাজনক পারফরম্যান্সের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জায়ে মিয়ুং। এর পাশাপাশি ক্রীড়া প্রশাসনে বড় ধরনের সংস্কার আনার ঘোষণা দিয়েছেন তিনি।

চলমান বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছিল ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। তবে পরবর্তী দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে পরাজিত হওয়ায় গ্রুপের তৃতীয় স্থানে থেকে বিদায় নিতে হয় তাদের।

গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সেরা তৃতীয় দল হিসেবেও তারা নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয়। দলের এই অপ্রত্যাশিত ফলাফলের দায় কাঁধে নিয়ে ইতোমধ্যেই পদত্যাগ করেছেন প্রধান কোচ হং মিয়ুং-বো।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ুং কোচ নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট লি জানান, বিশ্বকাপের মতো বড় আসরে অংশ নিতে রাষ্ট্রীয় তহবিল ও জনগণের করের টাকা ব্যয় করা হয়।

তাই এই ব্যর্থতার নেপথ্যে থাকা কারণগুলো খতিয়ে দেখতে সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়কে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং ক্রীড়া ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে দ্রুত প্রশাসনিক সংস্কার শুরু করার প্রতিশ্রুতি দেন তিনি।

এস এম/ ২৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language