যুক্তরাষ্ট্রের সঙ্গে দোহায় আলোচনার খবর নাকচ করল ইরান

তেহরান, ২৯ জুন – চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি স্পষ্ট জানিয়েছেন বর্তমানে কাতারে যুক্তরাষ্ট্রের কারিগরি দলের কর্মকর্তাদের সাথে কোনো বৈঠক আয়োজনের পরিকল্পনা নেই।
ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা জানিয়েছে ওয়াশিংটন সমঝোতা চুক্তি লঙ্ঘন করায় এই মুহূর্তে কোনো আলোচনার সুযোগ দেখছে না তেহরান। কাজেম ঘারিবাবাদি আরও জানান নির্ধারিত ওয়ার্কিং গ্রুপের কাঠামোর আওতায় কারিগরি আলোচনার প্রথম পর্ব তখনই অনুষ্ঠিত হবে যখন প্রয়োজনীয় শর্তাবলি পূরণ হবে।
ভবিষ্যতে আলোচনা ও বৈঠকের তারিখ এবং স্থান নিয়ে সমঝোতা হলে তা জানানো হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে বর্তমানে আলোচনা অব্যাহত রয়েছে। ইতিপূর্বে আল-জাজিরাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে আগামী মঙ্গলবার দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র দাবি করেছিল যে সমঝোতা স্মারক বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা কারিগরি দলগুলো আগামী কয়েক দিনের মধ্যে বৈঠকে বসতে যাচ্ছে। তবে ইরান আনুষ্ঠানিকভাবে এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে যে প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত কোনো বৈঠক অনুষ্ঠিত হবে না।
এস এম/ ২৯ জুন ২০২৬









