জাতীয়

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিতের বিষয়ে সংসদে স্বাস্থ্যমন্ত্রীর ব্যাখ্যা

ঢাকা, ২৮ জুন – ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্তের বিষয়ে জাতীয় সংসদে বিরোধী দলের সমালোচনার জবাব দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, হাসপাতালটিতে অক্সিজেনের অভাব ও চরম অবহেলার কারণে নবজাতকদের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতেই সরকার এই কঠোর ব্যবস্থা নিয়েছে।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেকেই আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে কথা বলছেন। সেখানে কম খরচে ডায়ালাইসিস হয় তা সত্য। কিন্তু অবহেলার দায়ে কাউকে বিচারের ঊর্ধ্বে রাখা যায় না।

গত ২৭ মে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছয় নবজাতক মারা যায়। তদন্ত কমিটির প্রতিবেদনে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প ভেন্টিলেশন না থাকাকে এই মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়।

ইউনাইটেড হাসপাতাল ও বার্ন ইউনিটের আগুনের ঘটনার সাথে এই ঘটনার তুলনা নাকচ করে দিয়ে মন্ত্রী বলেন, সেগুলো ছিল দুর্ঘটনা। কিন্তু আদ্-দ্বীনে যা ঘটেছে তা ছিল চরম অব্যবস্থাপনা।

তিনি অভিযোগ করেন, শিশুরা যখন অক্সিজেনের অভাবে ছটফট করছিল তখন সেখানে কোনো ডাক্তার ছিলেন না। এমনকি হাসপাতালের ভেতরে একটি বেকারিও গড়ে তোলা হয়েছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকার কেবল লাইসেন্স স্থগিত করেছে, হাসপাতাল বন্ধ করেনি। দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য।

এছাড়া বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেটে ক্যানসার ও কিডনি ডায়ালাইসিসের মতো চিকিৎসায় সাধারণ মানুষের খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে রোগীর পকেটের খরচ কমানোর বিষয়টি বাজেটে গুরুত্ব পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এনএন/ ২৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language