প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনা নাকচ করলেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

ঢাকা, ২৮ জুন – প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধীদলের করা সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মন্ত্রী ঘাটতি বাজেট প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের উদাহরণ তুলে ধরেন। মন্ত্রী বলেন, অর্থমন্ত্রী বাজেটে সামাজিক অবকাঠামো খাতে প্রায় ৩০ শতাংশ এবং ভৌত অবকাঠামো খাতে ১৮ শতাংশের বেশি বরাদ্দ রেখেছেন। সাধারণ সেবার ক্ষেত্রে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ২৬ শতাংশ।
এই বরাদ্দের মাধ্যমে ১৮ কোটি মানুষকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। দক্ষ মানবসম্পদ তৈরি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতের এই পরিকল্পনা অর্থনৈতিক সংকট উত্তরণে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন। কর্মসংস্থান বৃদ্ধি এবং মূল্যস্ফীতি হ্রাসের ফলে জনগণের সঞ্চয় বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
তিনি বলেন, লক্ষ্য অনুযায়ী রাজস্ব আহরণ এবং নির্ধারিত ব্যাংক ঋণ পাওয়া গেলে ঘাটতি বাজেট নিয়ে উদ্বেগের কিছু থাকবে না। বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে জিডিপির ৫.৫ শতাংশ এবং চীনে ৪ শতাংশ ঘাটতি বাজেট রয়েছে। সেই তুলনায় বাংলাদেশের ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।
বিরোধীদলের প্রতি ইঙ্গিত করে শেখ রবিউল আলম বলেন, নতুন বিরোধী দল হিসেবে তারা অনেক ক্ষেত্রে ভুল সমালোচনা করছেন। কয়েকবার বিরোধী দলে থাকলে তারা গঠনমূলক সমালোচনা করতে শিখবেন। তাই বর্তমানে তাদের এই সমালোচনাকে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন না।
এস এম/ ২৮ জুন ২০২৬









