ফুটবল

বড় জয়ে গ্রুপসেরা হয়ে নকআউটে বেলজিয়াম, ড্র করে দ্বিতীয় স্থানে মিশর

ব্রাসেলস, ২৭ জুন – বেলজিয়াম গ্রুপ পর্বের শেষ ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জিতে তারা গ্রুপের শীর্ষ স্থান দখল করেছে। অন্যদিকে মিশর তাদের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে ড্র করে পয়েন্ট হারানোয় শীর্ষস্থান থেকে ছিটকে গেছে।

আগে থেকেই নকআউট নিশ্চিত করা মিশর ইরানের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামে। ম্যাচের শুরুতে আক্রমণাত্মক খেলে পঞ্চম মিনিটেই মাহমুদ সাবেরের গোলে এগিয়ে যায় তারা। তবে ইরান দ্রুতই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে।

মেহদি তারেমি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও ১৪ মিনিটে রামিন রেজাইয়ান দলকে সমতায় ফেরান। মিলাদ মোহাম্মাদির একটি শট মিশরের গোলরক্ষক প্রতিহত করলেও বিপদমুক্ত করতে পারেননি। সেখান থেকেই গোল করেন রামিন।

বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় ম্যাচ শেষ হয় এবং মোহাম্মদ সালাহদের দল রানার্সআপ হিসেবে পরবর্তী রাউন্ডে যায়। দিনের অন্য ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই আক্রমণ চালায় বেলজিয়াম। দলের প্রধান তারকা রোমেলু লুকাকুকে শুরুতে বেঞ্চে রাখলেও লিয়ান্দ্রো ত্রোসারের ২৮ মিনিটের গোলে লিড নেয় দলটি।

বিরতির পর বেলজিয়াম আরও বিধ্বংসী হয়ে ওঠে। ম্যাচের ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ত্রোসার। এরপর ৬৬ মিনিটে অধিনায়ক কেভিন ডি ব্রুইনে ব্যবধান ৩-০ করেন। ম্যাচের ৮৪ মিনিটে নিউজিল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেন এলাইজা জাস্ট।

তবে শেষের দিকে বদলি হিসেবে নেমে রোমেলু লুকাকু এবং যোগ করা সময়ে অ্যালেক্সিস সায়েলেমেকার্স গোল করলে ৫-১ ব্যবধানের বিশাল জয় পায় বেলজিয়াম। এই বড় জয়ের ফলে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ জি এর চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২ এ জায়গা করে নিল বেলজিয়াম।

এস এম/ ২৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language