বাগেরহাট

মোংলা নদীতে যাতায়াতের কষ্ট দূর করতে শুরু হলো ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস

বাগেরহাট, ২৭ জুন – মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চলের হাজার হাজার কর্মজীবীর যাতায়াতের ভোগান্তি লাঘব এবং নিরাপত্তা নিশ্চিতে মোংলা নদীতে ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালু করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম শনিবার সকালে স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাটে এই ফুল টাইম ফেরি সার্ভিসের উদ্বোধন করেন। ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হলেও এতদিন তা কেবল জোয়ারের সময় কার্যকর ছিল।

ভাটার সময় ফেরি চলাচল বন্ধ থাকায় স্থানীয় ও পেশাজীবী মানুষ চরম দুর্ভোগ পোহাতেন। এখন থেকে দুটি ফেরি সার্বক্ষণিক যাতায়াত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নদী পারাপারে দুর্ঘটনা এড়াতে এবং যাত্রী সেবার মান উন্নত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ফেরিঘাটে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অবশ্যই ভাড়ার চার্ট রেট দৃশ্যমান থাকতে হবে। নির্ধারিত চার্ট না থাকলে কেউ বাড়তি ভাড়া দেবে না। মানুষের প্রত্যাশা ও মৌলিক চাহিদা পূরণে বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

২৪ ঘণ্টা ফেরি চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রামানিক এবং মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এস এম/ ২৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language