ট্রিলিয়নিয়ারের খেতাব হারালেন ইলন মাস্ক, পতন ঘটল স্পেসএক্স ও টেসলার শেয়ারে

ওয়াশিংটন, ২৫ জুন – মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দরে বড় ধরনের পতন হওয়ায় ট্রিলিয়নিয়ারের খেতাব হারিয়েছেন ইলন মাস্ক। ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শেয়ারবাজারে এই দুই প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় তার মোট সম্পদে এই প্রভাব পড়েছে।
সম্প্রতি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এক ট্রিলিয়ন ডলারের মালিক হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি। তবে গত মঙ্গলবার তার সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৯৫৭ বিলিয়ন ডলারে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, মাত্র দুই সপ্তাহেরও কম সময় আগে মাস্কের মোট সম্পদের মূল্য ছিল ১.১১ ট্রিলিয়ন ডলার।
যদিও সম্পদের এই বিশাল পতনের পরও তিনি বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছেন। তার সম্পদের পরিমাণ এখনও নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক বেশি। গত জুন মাসে নাসডাক স্টক এক্সচেঞ্জে স্পেসএক্সের শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আসার পর মাস্কের সম্পদে বড় উল্লম্ফন দেখা দিয়েছিল।
সে সময় প্রতি শেয়ারের দাম ১৫০ ডলার থেকে বেড়ে এক পর্যায়ে ২২৫.৬৪ ডলারে পৌঁছায়। ফলে তার মোট সম্পদের পরিমাণ সর্বোচ্চ ১.৩২ ট্রিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছিল। বিশ্লেষকদের মতে, এআই অবকাঠামো নির্মাণে বিপুল খরচ এবং উচ্চ সুদের হারের আশঙ্কায় প্রযুক্তি খাতে ধস নামে। এর প্রভাব পড়ে এনভিডিয়া ও ইনটেলের মতো বড় প্রতিষ্ঠানের ওপর।
তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্পেসএক্স। জুনের মাঝামাঝি থেকে কোম্পানিটির শেয়ার দর প্রায় ৩০ শতাংশ কমে যায়। বিশেষ করে গত ২২ জুনের একদিনেই স্পেসএক্সের শেয়ার দর ১৬ শতাংশ হ্রাস পেলে মাস্কের ব্যক্তিগত সম্পদ থেকে প্রায় ২৪০ বিলিয়ন ডলার কমে যায়। একই সময়ে টেসলার শেয়ার দরও ৬ শতাংশ কমেছে।
মাস্কের সম্পদের প্রায় ৮০ শতাংশই স্পেসএক্সে বিনিয়োগ করা থাকায় এই অস্থিতিশীলতা তার সম্পদে দ্রুত প্রভাব ফেলেছে। তবে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, স্পেসএক্সের শেয়ার দর সামান্য পুনরুদ্ধার সম্ভব হলে মাস্ক পুনরায় ট্রিলিয়নিয়ারের খেতাব ফিরে পেতে পারেন।
এস এম/ ২৫ জুন ২০২৬









