ফুটবল

অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে মেসির আগ্রাসী রূপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়

বুয়েনস আইরেস, ২৪ জুন – আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। তবে এবার তার জাদুকরী কোনো ড্রিবলিং বা দর্শনীয় গোলের জন্য নয় বরং মাঠের এক আগ্রাসী আচরণের জন্য খবরের শিরোনামে এসেছেন তিনি।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে ওঠার পর প্রতিপক্ষের ডাগআউটের দিকে তার ছুড়ে দেওয়া তীক্ষ্ণ দৃষ্টি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। বিশ্বকাপের গ্রুপ পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও অস্ট্রিয়া।

খেলার শুরুতেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন অধিনায়ক লিওনেল মেসি। এই পেনাল্টি মিসের কারণে তিনি বেশ মানসিক চাপে থাকলেও সেই চাপ কাটিয়ে উঠতে আলবিসেলেস্তেরা বেশি সময় নেয়নি। আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর গ্যালারিতে থাকা এক ভক্তের ক্যামেরায় ধরা পড়ে মেসির ভিন্ন এক রূপ।

গোল উদযাপনের সময় তিনি অস্ট্রিয়ার বদলি খেলোয়াড়দের বেঞ্চের দিকে বেশ কয়েক সেকেন্ড একদৃষ্টিতে তাকিয়ে থাকেন। জানা গেছে আর্জেন্টিনার গোলটির ঠিক আগে ম্যাক অ্যালিস্টারের একটি চ্যালেঞ্জ নিয়ে ফাউলের দাবি জানাচ্ছিলেন অস্ট্রিয়ার ডাগআউটের সদস্যরা।

তাদের এমন আপত্তিতে বিরক্ত হয়ে মেসি ক্ষোভ প্রকাশ করেন এবং দূর থেকে তাদের উদ্দেশ্য করে কিছু একটা বলতে থাকেন। সাধারণত শান্ত স্বভাবের মেসির এমন মেজাজ দেখে তার ভক্তরা বেশ উচ্ছ্বসিত। নেটিজেনদের মতে যখনই মেসি এমন মারকুটে ও ক্ষ্যাপাটে মেজাজে থাকেন তখনই তার সেরা ফুটবলটা মাঠে দেখা যায়।

অস্ট্রিয়াকে হারিয়ে আর্জেন্টিনা ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান যা মূলত নিয়ম রক্ষার ম্যাচ। এখন ফুটবল মহলে বড় প্রশ্ন হলো নকআউট পর্বের আগে কোচ লিওনেল স্কালোনি দলের সেরা তারকা মেসিকে বিশ্রাম দেবেন কি না।

এস এম/ ২৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language