পশ্চিমবঙ্গ

কলকাতায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: বজ্রপাতে নিহত ১ ও আহত ৫

কলকাতা, ২৩ জুন – মঙ্গলবার ২৩ জুন হঠাৎ কালবৈশাখী ও বজ্রবৃষ্টির কবলে পড়ে কলকাতা ও এর পার্শ্ববর্তী জেলাগুলো। ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে কলকাতায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ঝড়ের দাপটে শহরের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি অনেক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। এদিন দুপুরে কলকাতার একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়।

এ সময় কলকাতা হাইকোর্ট চত্বরে একটি বিশাল আকৃতির গাছ উপড়ে পড়ে। হাইকোর্টের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা আইনজীবীদের বেশ কয়েকটি গাড়ির ওপর গাছটি আছড়ে পড়ায় সেগুলোর ব্যাপক ক্ষতি হয়। এছাড়া পার্ক স্ট্রিট এবং ধর্মতলার এক্সাইড মোড়েও গাছ ভেঙে পড়ে বিপত্তি দেখা দেয়। ব্যস্ততম এসব সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে কলকাতা পৌরসভা ও দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে উত্তরবঙ্গে ঝড়ের সময় মর্মান্তিক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। কোচবিহার জেলার মাথাভাঙ্গা শীতলকুচি ব্লকের সাটিমারি এলাকায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মেনকা বর্মন নামের এক গৃহবধূর মৃত্যু হয়।

ঝড়ের কারণে রায়গঞ্জের পশ্চিম বালাবাড়ী এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল ও ডুয়ার্সে আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এদিনের ঝোড়ো বৃষ্টির পর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এনএন/ ২৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language