ইংলিশ চ্যানেলে নিষিদ্ধ রুশ জাহাজসহ ভারতীয় ক্যাপ্টেন আটক

লন্ডন, ২১ জুন – ইংলিশ চ্যানেলে রাশিয়ার একটি নিষিদ্ধ জাহাজকে আটক করেছে ব্রিটিশ নৌবাহিনী। তেলবাহী এই জাহাজটিকে রাশিয়ার তথাকথিত ভূতুড়ে জাহাজ বা শ্যাডো ফ্লিটের অন্তর্ভুক্ত বলে দাবি করেছে ব্রিটেন। গত ১৪ জুন এমভি স্মিরটোস নামক ওই জাহাজটি আটক করার সময় এর ক্যাপ্টেন হিসেবে দায়িত্বরত ভারতীয় নাগরিক অজয় পান্থকেও আটক করা হয়।
ভারতের উত্তরাখণ্ডের নৈনিতালের বাসিন্দা পান্থকে ১৬ জুন ব্রিটিশ আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে রুশ তেল সরবরাহ এবং অনুমতি ছাড়াই ব্রিটিশ জলসীমায় প্রবেশের অভিযোগ আনা হয়েছে।
আদালতে পান্থের আইনজীবী জেমস ডায়মন্ড জানান যে ক্যাপ্টেন পান্থ কেবল তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করেছেন এবং জাহাজ পরিচালনার ক্ষেত্রে তার নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না। আইনি জটিলতায় পড়া এই ক্যাপ্টেনের বর্তমান পরিস্থিতিতে তার পরিবার ভারতের কেন্দ্রীয় সরকারের সহায়তা চেয়েছে।
উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিব শৈলেশ বাগাউলি জানিয়েছেন যে বিষয়টি নিয়ে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন এবং পান্থকে নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনকে ইতিমধ্যে পান্থের সঙ্গে যোগাযোগের অনুমতি দেওয়া হয়েছে। জাহাজটিতে ভারত ও জর্জিয়ার মোট ২৪ জন নাবিক রয়েছেন।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাশিয়া নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে বিশ্ববাজারে তেল সরবরাহের জন্য প্রায় ৭০০টি এ ধরনের গোপন জাহাজ ব্যবহার করছে। এমভি স্মিরটোস জাহাজটিকে ২০২৫ সাল পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন।
এস এম/ ২১ জুন ২০২৬









