জ্বালানি ও সার আমদানিতে আইটিএফসির কাছে ২৮০ কোটি ডলার ঋণ চাইছে বাংলাদেশ

ঢাকা, ২১ জুন – বাংলাদেশ সরকার জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং সার আমদানির জন্য আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের কাছ থেকে ২৮০ কোটি ডলার ঋণ গ্রহণের পরিকল্পনা নিয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই অর্থায়ন নিয়ে সৌদি আরবের জেদ্দায় আগামী ২১ থেকে ২৪ জুন অনুষ্ঠিতব্য বার্ষিক অর্থায়ন পরিকল্পনা সভায় বিস্তারিত আলোচনা হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে জানা গেছে, ওই বৈঠকেই চূড়ান্ত অর্থায়নের পরিমাণ নির্ধারিত হবে। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী। প্রতিনিধি দলে আরও থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ।
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জ্বালানি তেল আমদানির জন্য ২ দশমিক ০১ বিলিয়ন ডলার, পেট্রোবাংলা এলএনজি আমদানির জন্য ৬০০ মিলিয়ন ডলার এবং বিএডিসি সার আমদানির জন্য ২০০ মিলিয়ন ডলার অর্থায়ন চাইবে।
বিপিসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় আগামী অর্থবছরের জন্য অর্থায়নের সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পেট্রোবাংলাও বিশ্ব পরিস্থিতির কারণে বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের জন্য বরাদ্দকৃত অর্থের পুরোটা ব্যবহার করতে আগ্রহী।
অন্যদিকে, বিএডিসি সার আমদানির ক্ষেত্রে ঋণের শর্ত শিথিল করার আবেদন জানাবে যাতে নির্দিষ্ট কোনও দেশ নয় বরং বৈশ্বিক বাজার থেকে সার কেনা যায়। ইআরডি কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আইটিএফসি ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার পর্যন্ত ঋণ সহায়তা বাড়াতে পারে।
জেদ্দাভিত্তিক এই সংস্থাটি ১৯৭৭ সাল থেকে বাংলাদেশকে বিভিন্নভাবে সহায়তা করে আসছে। বিশেষ করে ২০০৮ সাল থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বাংলাদেশের জ্বালানি খাতে সংস্থাটি প্রায় ২১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। আসন্ন বৈঠকে এই অর্থায়ন প্রস্তাবটিই প্রধান আলোচনার বিষয় হবে।
এস এম/ ২১ জুন ২০২৬









