জাতীয়

ব্যাংক ব্যবস্থা থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

ঢাকা, ২০ জুন – ব্যাংক ব্যবস্থা থেকে বিশেষ নিলামের মাধ্যমে ১০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের ওয়েজ অ্যান্ড মিনস বা ওভারড্রাফট থেকে নেওয়া ঋণের পরিমাণ অনুমোদিত সীমার নিচে নামিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত নিলামের পাশাপাশি এই বিশেষ নিলাম আয়োজনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, নিলামে ৩ মাস মেয়াদী একটি ট্রেজারি বিলের বিপরীতে ৫ হাজার কোটি টাকা এবং ১৪ দিন মেয়াদী অন্য একটি বিলের বিপরীতে ৫ হাজার কোটি টাকা ধারের পরিকল্পনা করা হয়েছে। এই সংগৃহীত অর্থ দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া পূর্ববর্তী ঋণ পরিশোধ করা হবে। সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে প্রেরিত ট্রেজারি বিলের স্পেশাল অকশন সংক্রান্ত একটি প্রস্তাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ইতোমধ্যেই অনুমোদন দিয়েছেন।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে চলতি ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট অর্থায়ন প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারের নিট অর্থায়নের লক্ষ্যমাত্রা রয়েছে ১ লাখ ১৮ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে ট্রেজারি বিল, বন্ড ও সুকুক ইস্যুর মাধ্যমে ইতোমধ্যে ১ লাখ ১২ হাজার ২৪ কোটি টাকার অর্থায়ন সম্পন্ন হয়েছে। এছাড়া চলতি বছরের ৭ জুন পর্যন্ত সরকারের ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে ৩৬ হাজার ২৩৮ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংক থেকে ওয়েজ অ্যান্ড মিনস বা ওভারড্রাফটের নির্ধারিত সীমা ২৪ হাজার কোটি টাকা। তবে জুন মাসে বাজেট বাস্তবায়নের আধিক্যের কারণে এই ঋণের পরিমাণ অর্থবছর শেষে ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল। এই পরিস্থিতিতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের দায় কমানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

অনুমোদিত ক্যালেন্ডার অনুযায়ী জুন মাসের অবশিষ্ট সময়ে ২ হাজার ৫৫৩ কোটি টাকার ট্রেজারি বিল ও বন্ড ইস্যুর সুযোগ রয়েছে। পাশাপাশি ৫ হাজার ৬০০ কোটি টাকার দীর্ঘমেয়াদী এবং ৫ হাজার ৫০০ কোটি টাকার স্বল্পমেয়াদী সুকুক ইস্যুর প্রক্রিয়াও চলমান আছে। বাজেট সহায়তা হিসেবে চলতি মাসে আরও ২১ হাজার কোটি টাকা ঋণ পাওয়া যাবে বলে আশা করছে অর্থ বিভাগ।

উদ্ভূত পরিস্থিতিতে নগদ ব্যবস্থাপনা ঠিক রাখতে ১৮ জুন ৩ মাস মেয়াদী এবং ২৫ জুন ১৪ দিন মেয়াদী ট্রেজারি বিলের বিশেষ নিলাম অনুষ্ঠানের প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে অর্থবছর শেষে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণ অনুমোদিত সীমার মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এনএন/ ২০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language