ফুটবল

ব্যক্তিগত জেটে চড়ে বিশ্বকাপে এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে ছুটছেন ইনফান্তিনো

ওয়াশিংটন, ১৬ জুন – প্রথমবারের মতো তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। আয়োজক দেশ হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

বিশাল ভৌগোলিক দূরত্বের এই টুর্নামেন্টে এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যাতায়াত দর্শকদের জন্য বেশ চ্যালেঞ্জিং হলেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই দূরত্ব ঘুচিয়ে দিনে একাধিক ম্যাচ দেখতে বেছে নিয়েছেন ব্যক্তিগত জেট। গত ১১ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার লড়াই দেখেন তিনি।

এরপর সেই রাতেই উড়ে যান গুয়াদালাহারা শহরে যেখানে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচ অনুষ্ঠিত হয়। শহর দুটির মধ্যে আকাশপথে দূরত্ব প্রায় ২৮৫ মাইল যা পাড়ি দিতে তার এক ঘণ্টার কিছু বেশি সময় লেগেছে। পরের দিনগুলোতেও ইনফান্তিনোর ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো।

১২ জুন লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ম্যাচ উপভোগ করেন তিনি। সেখানে তার পাশে দেখা যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ১৩ জুন বিকেলে সানফ্রান্সিসকোতে কাতার বনাম সুইজারল্যান্ডের ম্যাচ শেষে রাতে ভ্যাঙ্কুভারে অস্ট্রেলিয়া ও তুরস্কের ম্যাচ দেখতে যান তিনি।

এরপর মায়ামিতে ফিফা সামিট শেষে সোমবার সিয়াটলে বেলজিয়াম ও মিশরের ম্যাচ দেখে রাতে পুনরায় লস অ্যাঞ্জেলেসে ফিরে ইরান ও নিউজিল্যান্ডের খেলা দেখেন। আয়োজক দেশগুলোর সঙ্গে চুক্তি অনুযায়ী ফিফা কর্মকর্তারা চার্টার বিমানে যাতায়াত করতে পারেন।

সাধারণত রাষ্ট্রপ্রধানদের জন্য বরাদ্দকৃত ব্যক্তিগত জেট ব্যবহারের সুবিধা ইনফান্তিনোকেও দেওয়া হয়েছে। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে কাজের প্রয়োজনে এবং সময় বাঁচাতে দক্ষ যাতায়াত ব্যবস্থা হিসেবে এটি ব্যবহার করা হচ্ছে এবং এর ব্যয় বহন করছে ফিফা নিজেই।

তবে ব্যক্তিগত জেটের ব্যাপক ব্যবহারে পরিবেশগত প্রভাব নিয়ে সরব হয়েছেন পরিবেশবাদীরা। গ্রিনপিস ইউএসএ এর প্রোগ্রাম ডিরেক্টর জন হোসেভার সমালোচনা করে বলেন যেখানে জলবায়ু পরিবর্তনের কারণে টুর্নামেন্টের আবহাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে সেখানে ফিফা সভাপতির এমন বিলাসবহুল ও দূষণকারী যাতায়াত নেতিবাচক বার্তা দেয়।

এস এম/ ১৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language