৮০ বছরে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউজে বক্সিং ম্যাচে উদযাপিত হচ্ছে জন্মদিন

ওয়াশিংটন, ১৪ জুন – মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশি বছরে পদার্পণ করেছেন। আজ রোববার ট্রাম্পের জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউজে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিশেষ দিনটি তিনি হোয়াইট হাউজের দক্ষিণ লনে একটি বক্সিং ম্যাচ উপভোগ করার মধ্য দিয়ে উদযাপন করবেন।
তার জন্মদিনকে কেন্দ্র করে হোয়াইট হাউজের দক্ষিণ অংশে ইতিমধ্যেই একটি অস্থায়ী বক্সিং রিং ও গ্যালারি স্থাপন করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ১৯৪৬ সালের ১৪ জুন নিউইয়র্কের কুইন্সে এক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং মা মেরি অ্যান ম্যাকলিওড।
পাঁচ ভাইবোনের মধ্যে চতুর্থ ট্রাম্প শৈশব থেকেই বেশ চঞ্চল স্বভাবের ছিলেন। যার ফলে ১৩ বছর বয়সে তাকে নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে পাঠানো হয়। পরবর্তী সময়ে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষ করে ট্রাম্প তার বাবার রিয়েল এস্টেট ব্যবসায় যোগ দেন এবং ১৯৭১ সালে কোম্পানির দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে দ্য ট্রাম্প অর্গানাইজেশন রাখেন। ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারসহ অসংখ্য বিলাসবহুল ভবন নির্মাণের মাধ্যমে তিনি ব্যবসায়িক জগতে শীর্ষস্থানে পৌঁছান।
২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে তিনি প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর ২০২৪ সালের নির্বাচনেও তিনি জয়লাভ করে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন।
এস এম/ ১৪ জুন ২০২৬









