জাতীয়

১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত

ঢাকা, ১৪ জুন – দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রবিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক আবহাওয়ার সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়,

টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই সময় এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশ ও গুমোট আবহাওয়া বিরাজ করছে। নদীবন্দরগুলোতে চলাচলরত নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

এস এম/ ১৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language