বাজেট পরবর্তী বাজারে নেই প্রভাব, মাছ ও মুরগির দাম স্বাভাবিক

ঢাকা, ১২ জুন – জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশের পরবর্তী দিনে ব্রয়লার মুরগি, ডিম ও মাছের বাজারে কোনো ধরনের প্রভাব লক্ষ করা যায়নি। শুক্রবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, এসব পণ্যের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন,
বাজেটে মাছ ও মাংসের ওপর নতুন করে কোনো শুল্ক বা করের বোঝা না আসায় মূল্যে পরিবর্তন আসেনি। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট এবং রায়ের বাজারসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে জানা যায়, বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫৫ থেকে ১৬০ টাকা এবং সোনালি মুরগি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।
ডিমের বাজারও স্থিতিশীল রয়েছে যেখানে প্রতি ডজন ডিম পাওয়া যাচ্ছে ১১০ থেকে ১২০ টাকার মধ্যে। মাছের বাজারেও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। প্রতি কেজি পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২৩০ টাকা এবং রুই ২৬০ থেকে ৩৫০ টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে।
রায়ের বাজারের বিক্রেতারা জানান,
বাজেটের সরাসরি কোনো প্রভাব এখন পর্যন্ত পড়েনি এবং সরবরাহ স্বাভাবিক থাকায় বিক্রয়মূল্য আগের মতোই রাখা হয়েছে। ক্রেতারাও জানিয়েছেন যে বাজেট ঘোষণার পর দাম বৃদ্ধির যে আশঙ্কা ছিল তা এখন পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি।
মাছ ব্যবসায়ী ফিরোজ মিয়া জানান,
পাইকারি বাজারে দর না বাড়ায় খুচরা বাজারেও দাম বাড়ানো হয়নি। অন্যদিকে ডিম ব্যবসায়ী সুলতান আহমদ জানান, সরকারিভাবে কোনো বাড়তি কর আরোপ না হওয়ায় অসাধু সিন্ডিকেট সক্রিয় না হলে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। সামগ্রিকভাবে বাজেট পরবর্তী প্রথম দিনে নিত্যপ্রয়োজনীয় এই বাজারগুলো ছিল সাধারণ মানুষের নাগালে।
এস এম/ ১২ জুন ২০২৬









