জাতীয়

দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় রাত ৯টা পর্যন্ত বাড়াল সরকার

ঢাকা, ১১ জুন – দেশে চলমান বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রমের আওতায় শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুনরায় নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার ১২ জুন থেকে দেশের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার ১১ জুন বিদ্যুৎ বিভাগ থেকে এক বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। ওই বার্তায় বলা হয়েছে, গত ১ জুন থেকে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানগুলো রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল।

তবে জনস্বার্থ ও ব্যবসায়ীদের কথা বিবেচনা করে আগামীকাল থেকে এই সময়সীমা দুই ঘণ্টা বৃদ্ধি করে রাত ৯টা পর্যন্ত করা হয়েছে। এখন থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।

এই নতুন সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও কার্যকর হবে। তবে জরুরি পরিষেবা হিসেবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানগুলো এই নতুন নির্দেশনার আওতা বহির্ভূত থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে যে, বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে দেশের সকল বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। সারা দেশে এই নিয়ম কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এস এম/ ১১ জুন ২০২৬


Back to top button