ইউরোপ

স্পেন উপকূলে ৫ মাসে ১ হাজার ৩০০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

মাদ্রিদ, ১০ জুন – উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে স্পেন উপকূলে ১ হাজার ৩০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন।

বুধবার মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রোন্তেরাস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, আটলান্টিক মহাসাগর ও পশ্চিম ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ ব্যবহার করে আফ্রিকা থেকে পারাপারের সময় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে যে ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে স্পেনের উপকূলে পৌঁছানোর চেষ্টায় ১ হাজার ৩১৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৪২ জন নারী এবং ১২৯ জন শিশু রয়েছে। এছাড়া ২৭টি নৌকা আরোহীসহ সমুদ্রের মাঝপথে নিখোঁজ হয়ে গেছে। ক্যানারি দ্বীপপুঞ্জে পোপের সফরের প্রাক্কালে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি পোপ অভিবাসনপ্রত্যাশীদের প্রতি ইউরোপীয় দেশগুলোর আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিষয়টিকে একটি বৈশ্বিক নৈতিক সংকট হিসেবে অভিহিত করেছেন।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, নিরাপত্তা বাহিনীর নজরদারি এড়াতে অভিবাসনপ্রত্যাশীরা এখন দীর্ঘ ও অধিক ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ বেছে নিচ্ছেন।

উল্লেখ্য যে ২০২৫ সালেও স্পেনের উপকূলে পৌঁছানোর চেষ্টায় প্রায় ৩ হাজার ৯০ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন।

এনএন/ ১০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language