জাতীয়

প্রবাসীদের সুরক্ষা ও হয়রানি বন্ধে সংসদীয় কমিটি গঠনের দাবি আব্দুল হান্নান মাসউদের

ঢাকা, ১০ জুন – জাতীয় সংসদে প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যা, প্রতারণা এবং প্রশাসনিক অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং ভবিষ্যতে তাদের হয়রানি ও প্রতারণা বন্ধে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের জোরালো দাবি জানিয়েছেন।

বুধবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ উল্লেখ করেন যে, দেশের অর্থনীতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা প্রতিনিয়ত নানা ধরনের হয়রানি, দুর্নীতি ও প্রতারণার শিকার হচ্ছেন।

বিদেশে কর্মসংস্থানের নামে অসংখ্য ভুয়া রিক্রুটিং এজেন্সি সাধারণ মানুষকে প্রতারিত করে সর্বস্বান্ত করছে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন এজেন্সি পরিচালিত হলেও তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তিনি আরও অভিযোগ করেন যে, অনেক ক্ষেত্রে ভুয়া কোম্পানির চাহিদাপত্র দেখিয়ে শ্রমিকদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। চড়া সুদে ঋণ নিয়ে বা জমি বিক্রি করে বিদেশে যাওয়া এসব মানুষ সেখানে গিয়ে মানবেতর জীবনযাপন করেন। এমনকি অনেকে খাদ্য সংকট ও অবহেলার কারণে প্রাণ হারাচ্ছেন, কিন্তু সংশ্লিষ্ট দূতাবাস বা কর্তৃপক্ষ এসব ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারছে না।

দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠানোর হার অত্যন্ত কম। আইটি, স্বাস্থ্য ও প্রকৌশল খাতে দক্ষ জনশক্তি রপ্তানির হার এক শতাংশেরও নিচে। প্রতি বছর অসংখ্য মানুষ ভিসা জালিয়াতির শিকার হলেও দায়ীদের বিচার বা জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে না।

এ সময় তিনি প্রবাসীদের মরদেহ দেশে আনা এবং তাদের পরিবারের পুনর্বাসনের জন্য স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। পাসপোর্ট নবায়ন প্রক্রিয়ায় অনিয়ম এবং অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়েও তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এনএন/ ১০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language