নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের মৃত্যু

বান্দরবান, ৯ জুন – বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার রেজু আমতলী সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল খালেক।
তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মো. আনু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯টার দিকে আব্দুল খালেক রেজু আমতলী বিওপি সংলগ্ন ৪০ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় যান।
সেখানে হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটলে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা মারাত্মকভাবে জখম হয়। সাথে থাকা শ্রমিকেরা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, মিয়ানমার সীমান্তের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মাইন পুঁতে রাখা হয়েছে। বর্ষা মৌসুমে বা অসাবধানতাবশত সীমান্তের কাছে গেলে এসব দুর্ঘটনা ঘটছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান,
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরিসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, গত এক মাসে সীমান্তে মাইন বিস্ফোরণে অন্তত চারজনের মৃত্যু হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এস এম/ ৯ জুন ২০২৬









