ফুটবল

নেইমারের চোট নিয়ে স্বস্তির খবর দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন

ব্রাসিলিয়া, ৯ জুন – ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের চোট নিয়ে দেখা দিয়েছে আশার আলো। মাংসপেশীর চোটের কারণে পানামা ও মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলোতে মাঠে নামতে পারেননি তিনি। তবে বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে তাকে ঘিরে অনিশ্চয়তা কাটার খবর পাওয়া যাচ্ছে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে যে কাফ ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় নেইমারের শারীরিক অবস্থার আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে।

গত মাসে করা এক স্ক্যানে নেইমারের পেশীতে গ্রেড টু মাত্রার চোট ধরা পড়েছিল। এর ফলে ব্রাজিলের সর্বকালের শীর্ষ এই গোলদাতাকে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হয়।

সোমবার ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের পুনরায় স্ক্যান করানো হয়। পরীক্ষার পর এক সংক্ষিপ্ত বিবৃতিতে কনফেডারেশন জানায় যে চিকিৎসায় প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে এবং নেইমার বর্তমানে মেডিকেল স্টাফদের পরিকল্পনা অনুযায়ী আরোগ্য লাভের শেষ ধাপে রয়েছেন।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে ব্রাজিল। এই সময়ের মধ্যে নিজেকে পুরোপুরি ফিট করে তোলার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন নেইমার। দলের প্রধান এই ভরসা সময়মতো মাঠে ফিরতে পারবেন বলে এখন জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

এনএন/ ৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language