জাতীয়

চীন সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ঢাকা ত্যাগ করলেন তথ্যমন্ত্রী

ঢাকা, ৭ জুন – চীন সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওয়ানা হন।

তথ্যমন্ত্রীর ঢাকা ত্যাগ উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা আসন্ন সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। সফরকালে তথ্যমন্ত্রী চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে আগামী ৮ থেকে ১১ জুন অনুষ্ঠিতব্য পঞ্চম সিএমজি ফোরামে অংশগ্রহণ করবেন।

এছাড়া তার সফরের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। উক্ত বৈঠকে দুই দেশের তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশেষ করে তথ্য ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করবেন। এ সফরের মধ্য দিয়ে তথ্য ও গণমাধ্যম খাতে দুই দেশের বন্ধুপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language