মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: পরিবার প্রতি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ

ঢাকা, ৭ জুন – রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ভুক্তভোগী পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত যৌথ আলোচনার ভিত্তিতে এই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
রোববার (৭ জুন) উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োজিত আইনজীবী মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে নবজাতকদের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সেখানে ৭২ ঘণ্টার মধ্যে যথাযথ জবাব দিতে ব্যর্থ হলে হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ে সতর্ক করা হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতেই হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নেয় এবং সমঝোতায় পৌঁছায়।
এস এম/ ৭ জুন ২০২৬









