ঈদুল আজহায় সড়ক রেল ও নৌপথে ৪৪২ দুর্ঘটনায় ৪৩৮ জনের মৃত্যু

ঢাকা, ৭ জুন – পবিত্র ঈদুল আজহার আগে ও পরে ১৫ দিনে দেশের সড়ক, রেল ও নৌপথে মোট ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ১ হাজার ৩৪০ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এসব তথ্য তুলে ধরেন।
প্রতিবেদনে জানানো হয়,
শুধু সড়ক পথেই ৩৯৪টি দুর্ঘটনায় ৪০২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১ হাজার ২৯৪ জন। অন্যদিকে, রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। নৌপথের চিত্রও উদ্বেগজনক, সেখানে ১৭টি দুর্ঘটনায় ১৩ জন প্রাণ হারিয়েছেন এবং ১৬ জন আহত হয়েছেন।
সব মিলিয়ে ঈদ যাতায়াতে গত ১৫ দিনে ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন প্রাণ হারিয়েছেন। মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রতি বছর ঈদের সময় যাতায়াতে দুর্ঘটনার হার বেড়ে যায় যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
যাতায়াত নিরাপদ করতে হলে প্রশাসনের নজরদারি এবং যাত্রী সাধারণের সচেতনতা উভয়ই প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এস এম/ ৭ জুন ২০২৬









