ক্রিকেট

বিসিবি নির্বাচন আজ: মিরপুরে ভোটগ্রহণ শুরু, নতুন নেতৃত্বের অপেক্ষায় দেশের ক্রিকেট

ঢাকা, ৭ জুন – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের বহুল প্রতীক্ষিত নির্বাচন আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। একই দিনে পরিচালনা পর্ষদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন নতুন সভাপতি ও সহ-সভাপতি।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী মোট ২৫টি পরিচালক পদের মধ্যে ১০টি পদ ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। এর মধ্যে আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং বাকি দুটি পদে মনোনয়ন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে আজ মূলত ১৫টি পরিচালক পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

গঠনতন্ত্র অনুসারে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন, ঢাকার ক্লাবগুলো থেকে ১২ জন এবং সাবেক অধিনায়ক ও সেবামূলক প্রতিষ্ঠান ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হয়ে থাকেন।

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীর একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ক্যাটাগরিতে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। তবে এই ক্যাটাগরিতে খুলনা ও বরিশাল বিভাগে ভোটগ্রহণ চলছে।

খুলনা বিভাগের দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম। বরিশাল বিভাগের একটি পদের জন্য লড়ছেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।

এদিকে ঢাকার ক্লাব ক্যাটাগরিতে ১২টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। এই ক্যাটাগরিতে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, ইসরাফিল খসরু এবং শানিয়ান তানিমসহ আরও অনেকে।

এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ ক্রিকেটের নীতিনির্ধারক ও শীর্ষ নেতৃত্ব।

এনএন/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language