জাতীয়

বিদ্যুতের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত থাকছে লাইফলাইন গ্রাহকদের বিল

ঢাকা, ৪ জুন – সব ধরনের গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার পর লাইফলাইন অর্থাৎ শূন্য থেকে ৫০ ও শূন্য থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারী গ্রাহকদের জন্য বর্ধিত মূল্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে এই শ্রেণির গ্রাহকরা পূর্বের নির্ধারিত হারেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

বৃহস্পতিবার বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে দেশের সব বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কোম্পানির আবাসিক গ্রাহকশ্রেণির আওতাভুক্ত লাইফলাইন অর্থাৎ ০ থেকে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য বিদ্যুতের ইউনিট প্রতি দাম ৪ টাকা ৬৩ পয়সা বহাল থাকবে।

এছাড়া আবাসিক প্রথম ধাপের অর্থাৎ ০ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য ইউনিট প্রতি দাম ৫ টাকা ২৬ পয়সা বলবৎ থাকবে। চলতি জুন মাস থেকেই এই নতুন হার কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর আগে গত বুধবার বিইআরসি বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছিল।

সেই ঘোষণায় আবাসিক লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা করা হয়েছিল। একই সঙ্গে প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিটের দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল। বিইআরসির সর্বশেষ এই সংশোধনী সিদ্ধান্তের ফলে ক্ষুদ্র গ্রাহকদের মাঝে স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এস এম/ ৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language