মধ্যপ্রাচ্য

গাজায় সাড়ে নয় হাজার ফিলিস্তিনি নিখোঁজ, উদ্বেগ প্রকাশ মানবাধিকার সংস্থার

গাজা, ৪ জুন – ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের ফলে অন্তত সাড়ে নয় হাজার ফিলিস্তিনি নিখোঁজ হয়েছেন। গাজাভিত্তিক মানবাধিকার সংস্থা আল-দামির অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নিখোঁজ এই ব্যক্তিদের মধ্যে প্রায় ৪ হাজার ৭০০ জনই নারী ও শিশু বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে প্রায় ৮ হাজার ১০০ জন মানুষ ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশ থেকে নিখোঁজ হয়েছেন আরও ২৫০ জন।

উত্তর গাজা থেকে দক্ষিণে যাওয়ার সময় ইসরায়েলি সামরিক চেকপয়েন্টগুলোতে অন্তত ৮০০ ব্যক্তিকে আটক করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করা আরও ৩৫০ জন ব্যক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। জোরপূর্বক গুম করার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেছে সংস্থাটি।

তারা জানিয়েছে যে বর্তমান যুদ্ধের ফলে সৃষ্ট এটি সবচেয়ে বেদনাদায়ক মানবিক সংকটগুলোর একটি। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে যে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং নিহতদের মরদেহ ফিরিয়ে দিতে ইসরায়েলকে বাধ্য করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে ভুক্তভোগীদের পরিচয় শনাক্ত করতে একটি ডিএনএ ডাটাবেস তৈরিরও তাগিদ দিয়েছে তারা।

এস এম/ ৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language