সারা দেশে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

ঢাকা, ৪ জুন – চলতি বছরের মধ্যেই সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল বা দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী উল্লেখ করেন যে বিগত সরকারের সময় শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়ার হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছিল।
তবে বর্তমান সরকার শিশুদের শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে এবং বছরের শেষ নাগাদ সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল নিশ্চিত করা হবে।
শিক্ষাব্যবস্থাকে আরও বেশি আনন্দময় করতে খেলাধুলাকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। সরকার চায় শিক্ষার্থীরা যেন হাসিখুশি পরিবেশে পড়াশোনা করতে পারে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তার বক্তব্যে বলেন আজকের শিশুরাই আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রতিযোগিতায় জয়ী হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী বিষয় নিয়ে পড়াশোনা করে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
এস এম/ ৪ জুন ২০২৬









