জাতীয়

সন্ধ্যা ৭টার পর মার্কেট বন্ধ হলেও খোলা থাকবে সিনেমা হল

ঢাকা, ৩ জুন – বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান পুনরায় সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পবিত্র ঈদ উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে এতদিন রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার যে সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বাতিল করে আগের নিয়ম পুনর্বহাল করা হয়েছে।

তবে সরকারি এই নির্দেশনার আওতার বাইরে থাকছে দেশের সকল সিনেপ্লেক্স ও সিনেমা হল। স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধ হয়ে গেলেও সিনেমা হলগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

তথ্য মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি চিঠি তারা হাতে পেয়েছেন। এর ফলে স্টার সিনেপ্লেক্সসহ দেশের সব মাল্টিপ্লেক্স ও প্রেক্ষাগৃহে দর্শকরা সিনেমা দেখার সুযোগ পাবেন।

অন্যদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ঈদের আগেই তারা তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন যাতে শপিং মল বন্ধের এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকে প্রেক্ষাগৃহগুলো।

মন্ত্রণালয় সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের অনুমোদন দিয়েছে। তাই শপিং মলের ভেতরে থাকা সিনেমা হলগুলো নিয়ে দর্শকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।

এস এম/ ৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language