জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত খলিলুর রহমানকে তারেক রহমানের অভিনন্দন

ঢাকা, ২ জুন – জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার রাতে প্রেরিত এক অভিনন্দন বার্তায় বলা হয়, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান, সর্বজনীন গ্রহণযোগ্যতা ও বিশ্বস্ততার প্রতিফলন। এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদাকে আরও সুদৃঢ় করবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
অভিনন্দন বার্তায় আরও বলা হয়, খলিলুর রহমান তার নতুন দায়িত্বে অত্যন্ত গৌরব ও নিষ্ঠার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বহুপাক্ষিক ও অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক যোগাযোগ, সংলাপ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হয়।
প্রধানমন্ত্রী তার নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।
সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সদস্য রাষ্ট্রগুলোর ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের সমর্থন।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেজ কাকাউরিস পেয়েছেন ৯১টি ভোট। ফলে আট ভোটের ব্যবধানে বাংলাদেশের প্রার্থী বিজয়ী হন। খলিলুর রহমান আগামী এক বছর সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।
আগামী ৮ সেপ্টেম্বর এই অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।
এনএন/ ২ জুন ২০২৬









