জাতীয়

বিদ্যুতের নতুন দাম ঘোষণা বুধবার

ঢাকা, ২ জুন – বিদ্যুতের পাইকারি, সঞ্চালন এবং খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের ঘোষণা বুধবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার পরিবর্তনের আবেদন জানায়। এর পাশাপাশি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সঞ্চালন মূল্যহার এবং ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও নেসকোসহ অন্যান্য বিতরণ কোম্পানিগুলো খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব কমিশনে জমা দেয়।

এসব প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে রাজধানীর বিইআরসি কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানির পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশ করা হবে।

গণশুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিটে ৮৫ পয়সা থেকে শুরু করে সর্বোচ্চ ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।

প্রস্তাবনা অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা এবং নেসকো সর্বোচ্চ ২ টাকা ৫ পয়সা বৃদ্ধির আবেদন করে। তবে বিইআরসির কারিগরি কমিটি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে।

এস এম/ ২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language