ক্রিকেট

ডিপিএলে হৃদয় ও তামিমের জোড়া সেঞ্চুরি, বড় সংগ্রহ মোহামেডান ও প্রাইম ব্যাংকের

ঢাকা, ২ জুন – ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে পুনরায় মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের খেলা। মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেবিলের শীর্ষ দল মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয় লিজেন্ডস অব রূপগঞ্জের।

এই রাউন্ড থেকেই মোহামেডান শিবিরে নতুন করে যোগ দিয়েছেন দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ। এদিন ব্যাট হাতে দারুণ সেঞ্চুরি তুলে নিয়েছেন মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়। ১০৬ বল খেলে ১০১ রানের এক লড়াকু ইনিংস খেলেন তিনি।

তার সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ওভারে ৩৩৯ রানের বিশাল পুঁজি পায় মোহামেডান। অন্যদিকে বিকেএসপির মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জ্বলে ওঠেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ৯৩ বল খরচ করে তিনি খেলেন ১১৯ রানের বিধ্বংসী এক ইনিংস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজের আগে দেশীয় ব্যাটারদের এমন ফর্ম জাতীয় দলের জন্য বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। যদিও বিসিবি এখনও সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেনি। তবে সূচি অনুযায়ী ৪ জুন থেকে মিরপুরে অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে।

এরপর ৯ জুন মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের পরের দুটি ওয়ানডে ম্যাচ ১১ ও ১৪ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে দুদল চট্টগ্রামে পাড়ি জমাবে। সেখানে ১৭, ১৯ ও ২১ জুন তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এস এম/ ২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language