ব্রাহ্মণবাড়িয়া

বনলতা এক্সপ্রেস প্রদর্শনী বন্ধের প্রতিবাদে সরব রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া, ১ জুন – ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রের প্রদর্শনীতে বাধার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেছেন যে, যারা বাংলাদেশকে অন্ধকারে এবং একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়, তারাই এই চলচ্চিত্রের প্রদর্শনী হতে দেয়নি। সোমবার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মহাসড়কের পাশে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

কোরবানির ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি শনিবার চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিল। তবে বৃহস্পতিবার ও শুক্রবার কওমী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রদর্শনীর বিরুদ্ধে প্রচারণা চালানো হয়। পরবর্তীতে শুক্রবার বিকেলে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় আয়োজিত এক জরুরি সভায় জেলার শীর্ষ আলেমদের নির্দেশনায় এই প্রদর্শনী প্রতিহত করার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ করা হয় যে, সিনেমার মাধ্যমে এলাকায় ইসলামবিদ্বেষ ও অশ্লীলতা ছড়ানো হচ্ছে। এরপর প্রশাসনিক ও পুলিশের হস্তক্ষেপে সিনেমাটির প্রদর্শনী বন্ধ হয়ে যায়।

মানববন্ধনে রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়াকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। অথচ এখানে এখন কোনো সিনেমা হল নেই এবং সাংস্কৃতিক কার্যক্রমগুলোও বারবার বাধাগ্রস্ত হচ্ছে। তিনি ২০২১ সালে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দীন খাঁর সঙ্গীতাঙ্গন জ্বালিয়ে দেওয়ার ঘটনার স্মৃতিচারণ করেন।

সংসদ সদস্য প্রশ্ন তুলে বলেন, যে রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা বা দুর্নীতি দমন করতে পারে না, তারা কেন সুস্থ ধারার চলচ্চিত্র বন্ধে মদদ দিচ্ছে। তিনি গত দুই বছরে উগ্রপন্থার উত্থান এবং বিভিন্ন মাজার ও সমাধি ভাঙচুরের ঘটনার সমালোচনা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মাটিতে আজীবন আযানের ধ্বনির পাশাপাশি বাউল গান ও সাংস্কৃতিক চর্চাও বজায় ছিল।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ঐতিহ্য মুছে ফেলার সুযোগ দেওয়া উচিত নয়।

রুমিন ফারহানা উল্লেখ করেন যে, একাত্তরের মুক্তিযুদ্ধ বা চব্বিশের গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। ফলে কোনো আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টা অতীতেও সফল হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

উল্লেখ্য যে, বিগত নির্বাচনে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন।

এনএন/ ১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language